স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাসার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের সংসদীয় অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে সংসদীয় মৈত্রী গ্রুপের কার্যক্রম জোরদার করে ঢাকা-দিল্লি সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন তারা।
এ সময় ই-পার্লামেন্ট চালুর সম্ভাবনা এবং সংসদীয় কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া সংসদ সদস্যদের প্রশিক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমে পারস্পরিক অংশগ্রহণ এবং দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সংসদীয় পর্যায়ে এ ধরনের যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও কার্যকর ও বহুমাত্রিক করতে ভূমিকা রাখতে পারে।


