এবার ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান।
সীতাকুণ্ড নাগরিক সমাজের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদলটি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের প্রস্তাব দেন নাগরিক সমাজের নেতারা। পাশাপাশি মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিও জানান তারা।
জবাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী সরকারের বৃহত্তর পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। এর মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ এই জাতীয় মহাসড়কে যাতায়াত আরও সহজ করার উদ্যোগ নেওয়া হবে।
সাক্ষাৎ শেষে সীতাকুণ্ড নাগরিক সমাজের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে দেওয়া হয়। এতে সীতাকুণ্ড পর্যন্ত চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সম্প্রসারণসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
মন্ত্রীর কাছে সীতাকুণ্ড সমুদ্র উপকূলে মেরিন ড্রাইভ সড়ক এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিও তুলে ধরা হয়। এ সময় মন্ত্রী প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করেন।


