সমস্যা থাকলেও ভারতের সাথে আলোচনার পথ বন্ধ নেই: হুমায়ুন কবির
ভারতের সঙ্গে নানা সমস্যা থাকলেও আলোচনার পথ কখনো বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা উচিত।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বর্তমানে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। জাতীয় স্বার্থ বিবেচনা করে বাংলাদেশও যেখানে প্রয়োজন, সেখানে যুক্ত হবে।
জ্বালানি খাতে দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, কীভাবে ‘সাইকোপ্যাথিক’ দুর্নীতি করা যায়, তা এনার্জি সেক্টর দেখলেই বোঝা যাবে। তবে প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এই খাতের সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে বোয়িং কিনতেই হবে—এমন কোনো চাপ নেই। দেশের প্রয়োজন ও চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বিমান কেনা হতে পারে।


