বিগত সরকারের ১৭ বছরের দুর্নীতিতে দেশের সব খাত ধ্বংসের শেষ প্রান্তে: ত্রাণমন্ত্রী

জাতীয়
বিগত সরকারের ১৭ বছরের দুর্নীতিতে দেশের সব খাত ধ্বংসের শেষ প্রান্তে: ত্রাণমন্ত্রী
৫ সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ ১৭ বছরের জুলুম, অনিয়ম ও দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতসহ বাংলাদেশের প্রতিটি খাত ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এসব সংকট কাটিয়ে উঠতে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য খাতকে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এ খাতের সংকট নিরসনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে জনবল সংকট কাটাতে ইতোমধ্যে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, জনবল কাঠামোর সংকট সারা দেশেই রয়েছে। অল্প সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়োজনীয় জনবলসহ অন্যান্য চাহিদা পূরণের চেষ্টা করা হবে।

হাসপাতালের আইসিইউ সেবা চালুর বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, অ্যানেস্থেশিয়ার চিকিৎসক না থাকায় এতদিন আইসিইউ বেড চালু করা সম্ভব হয়নি। এরই মধ্যে চিকিৎসক পদায়ন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে নতুন করে আইসিইউ বেড চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সমস্যা এবং আগের সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে রংপুরে এসেছেন জানিয়ে মন্ত্রী বলেন, আগের সভায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেগুলো কতটা বাস্তবায়িত হয়েছে, কোথায় বাস্তবায়ন হয়নি এবং এর কারণ কী—এসব বিষয়ে অনুসন্ধান ও ফলোআপ করতেই তিনি এসেছেন।

হাসপাতালের সেবার মান উন্নয়নে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, জনগণের জন্য হাসপাতালটিতে আরও ভালো স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করতে সবাইকে সহযোগিতা করতে হবে।

এদিকে রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার রহস্য উদঘাটনে বিভিন্ন বিষয় সামনে এসেছে এবং তদন্তে নতুন কিছু তথ্য পাওয়ায় কিছুটা সময় লাগছে।

তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং হত্যাকাণ্ডের পেছনে কেউ জড়িত থাকলে তাদেরও বিচারের মুখোমুখি করাই সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।