মৈত্রী-বন্ধন-মিতালী এক্সপ্রেস
আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল
দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী তিন আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন—মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের বার্ষিক বৈঠকে আলোচনা হবে। মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তঃসরকার রেলওয়ে বৈঠক (আইজিআরএম)। বৈঠকে ট্রেন তিনটি পুনরায় চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই এসব ট্রেনের চলাচল পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর মতামত প্রয়োজন হবে।
এবারের আইজিআরএম বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকার রেলভবনে। বৈঠকের আলোচ্য বিষয়গুলো ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বৈঠকে রাজশাহী-কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাবও দেবে বাংলাদেশ। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানানো হবে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ভারতীয় রেলওয়েরও আগ্রহ রয়েছে। তবে শুধু দুই দেশের রেল কর্তৃপক্ষের সম্মতিতে ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মতামত নেওয়ার পর বিষয়টি রাজনৈতিক পর্যায়ে চূড়ান্ত হতে পারে।
প্রতিবছর বাংলাদেশ ও ভারতে পালাক্রমে আইজিআরএম বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৈঠক হয়েছিল গত বছরের ২০ থেকে ২২ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে। কয়েক দফা তারিখ পরিবর্তনের পর এবার ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় দুই দেশের আন্তঃদেশীয় ট্রেন চলাচলে প্রভাব পড়ে। ওই বছরের ১৬ জুলাই মৈত্রী এক্সপ্রেসের চলাচল স্থগিত করা হয়। পরে ১৯ জুলাই থেকে মৈত্রী, বন্ধন ও মিতালী—তিনটি ট্রেনের চলাচলই বন্ধ হয়ে যায়।
পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এলেও দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল আর স্বাভাবিক হয়নি। দীর্ঘ বিরতির পর এবার আইজিআরএম বৈঠকের মাধ্যমে এসব ট্রেন পুনরায় চালুর বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে যাচ্ছে।
বর্তমানে মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা, বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতা এবং মিতালী এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করত। ট্রেন তিনটি পুনরায় চালুর পাশাপাশি রাজশাহী-কলকাতা রুটে নতুন ট্রেন চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় রেল যোগাযোগ আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


