এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে: ইসি সচিব
সারাদেশে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। তবে মোট কত ধাপে নির্বাচন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে উপজেলাভিত্তিক—অর্থাৎ একটি উপজেলার সব ইউনিয়নে একই সময়ে ভোটগ্রহণ করা হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, একটি উপজেলার কিছু ইউনিয়নে এক ধাপে এবং বাকি ইউনিয়নে অন্য ধাপে নির্বাচন হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এ কারণে একই উপজেলার সব ইউনিয়নে একসঙ্গে নির্বাচন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইসি সচিব বলেন, ‘এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে হলে, বাকিগুলো অন্য ধাপে হলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। তাই একই সঙ্গে এক উপজেলার সবগুলোতে নির্বাচন হবে এবং কয়েক ধাপে হবে নির্বাচন।’
এদিকে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যুর বিষয়ে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে কমিটি প্রস্তাব দেবে। ওই প্রস্তাবের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
অন্যদিকে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব।


