তথ্য গোপন করে একাধিক রিট, আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা

জাতীয়
তথ্য গোপন করে একাধিক রিট, আইনজীবী ও রিটকারীকে ১০ লাখ টাকা জরিমানা
৮ সেপ্টেম্বর ২০২৬

নিকাহ রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্ত একই বিষয়ে হাইকোর্টে একাধিক রিট দায়ের এবং তথ্য গোপনের অভিযোগে রিটকারী মোহাম্মদ নুর আলম ও তার আইনজীবী সুফিয়া আহামেদকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ মামলাটির শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, নুর আলম ও সুফিয়া আহামেদকে পৃথকভাবে ৫ লাখ টাকা করে জরিমানা দিতে হবে। আগামী ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ ঢাকা শিশু হাসপাতালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মামলার শুনানিতে একই বিষয়ে একাধিক রিট দায়ের এবং পূর্ববর্তী মামলার তথ্য আদালতের কাছে গোপন করার বিষয়টি উঠে আসে। এ ঘটনাকে আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগ হিসেবে বিবেচনা করে রিটকারী ও তার আইনজীবীর বিরুদ্ধে জরিমানার আদেশ দেন আপিল বিভাগ।

আদালতে রিটকারী মোহাম্মদ নুর আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এএম মাহাবুব উদ্দিন খোকন। অন্যদিকে নিকাহ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অনিক আর হক, সিনিয়র আইনজীবী মো. শিশির মনির ও আইনজীবী অমিত দাশ গুপ্ত।

যে কারণে জরিমানা

মামলার নথি অনুযায়ী, যাত্রাবাড়ী থানার ৬৫ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট বিভাগে একাধিক রিট করেন মোহাম্মদ নুর আলম।

একই বিষয়ে পরপর রিট দায়েরের সময় আগের মামলার তথ্য আদালতের কাছে উপস্থাপন না করার অভিযোগ ওঠে। বিষয়টি শুনানিতে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে আপিল বিভাগ রিটকারী ও তার আইনজীবীকে অর্থদণ্ড দেন।

আদালতের আদেশ অনুযায়ী, উভয়ের কাছ থেকে আদায় করা ১০ লাখ টাকা ঢাকা শিশু হাসপাতালে জমা হবে।