হজযাত্রীদের খরচ কমাতে বড় অঙ্কের ব্যয় কমিয়েছে সরকার
হাজিদের আর্থিক চাপ কমাতে ২০২৭ সালের হজ প্যাকেজের মূল্য কমিয়েছে সরকার। একই সঙ্গে প্যাকেজে খাবারের খরচও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ২০২৬ সালের ৬ লাখ ৯০ হাজার ৫৭৭ টাকার প্যাকেজ-১ আগামী বছর কমিয়ে ৬ লাখ ১৫ হাজার ২২৩ টাকা করা হয়েছে। অর্থাৎ কমেছে ৭৫ হাজার ৩৫৪ টাকা। এ প্যাকেজে খাবারের জন্য ৩৯ হাজার ১৩৬ টাকা রাখা হয়েছে।
প্যাকেজ-২-এর মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা থেকে কমিয়ে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা করা হয়েছে। এতে কমেছে ৫৩ হাজার ২৩৩ টাকা। এ প্যাকেজে খাবারের জন্য ২৯ হাজার টাকা অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া হজযাত্রীদের বিমান ভাড়া ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা থেকে কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
ধর্মমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩৮১ জন হজযাত্রীর বিভিন্ন খাতে সাশ্রয় হওয়া ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে ফেরত দেওয়া হয়েছে।


