চলতি মাসের শেষ থেকে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশে আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। চলতি সেপ্টেম্বরের শেষ সপ্তাহ অথবা অক্টোবরের শুরুতে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কার কথা জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার তিন মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার কমানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। পাশাপাশি ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থাপনা আরও জোরদার করতে ৩০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি জানান, সম্ভাব্য রোগী বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় বেড, স্যালাইন ও ডেঙ্গু পরীক্ষার কিট মজুদ রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের প্রস্তুতিও জোরদার করা হচ্ছে।
অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য নিয়েও কথা বলেন এম এ মুহিত। তিনি বলেন, মানসিক স্বাস্থ্যের প্রতি যথেষ্ট গুরুত্ব না দেওয়ার কারণে দেশে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। বিশেষ করে কিশোর-কিশোরীদের আত্মহত্যার ঘটনা অনেক সময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
আত্মহত্যার হার কমাতে সরকার মানসিক স্বাস্থ্যসেবা ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।


