সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা বাংলাদেশের জন্য বড় শিক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই সঙ্গে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পায়নি বাংলাদেশ সরকার। তবে বিষয়টি সম্পর্কে জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
তিনি বলেন, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। দেশটির আইন অনুযায়ী কোনো ব্যক্তি গুরুতর অপরাধ করলে তার বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নেওয়া হয়। প্রবাসে থাকা বাংলাদেশিদেরও যে দেশে অবস্থান করবেন, সে দেশের আইন ও বিধিবিধান মেনে চলা উচিত।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, সৌদি মিশনের শ্রম উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ওই দুই বাংলাদেশি মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। সৌদি আইনে এ ধরনের কর্মকাণ্ড গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় দেশটির আদালত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি বলে জানান শামা ওবায়েদ। দুই বাংলাদেশির পরিচয়, মামলার বিবরণ ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


