সবার অধিকার রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: রিজভী

জাতীয়
সবার অধিকার রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: রিজভী

ছবি: সংগৃহীত

১৯ অক্টোবর ২০২৬

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে সার্বজনীন পূজা উদযাপন কমিটির আয়োজনে দুর্গাপূজা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। প্রত্যেক নাগরিকের নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা সাংবিধানিক অধিকার। এই অধিকার রক্ষা ও সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে গুরুত্ব দিয়েছে। এ বছর পূজা উপলক্ষে সরকারি অনুদান, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার প্রতিও সরকার ইতিবাচক সাড়া দিয়েছে।

দেশের পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী অভিযোগ করেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি অস্থিতিশীলতা সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে। গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও দেশের নাগরিক হিসেবে সবার জাতীয় পরিচয় অভিন্ন। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে দেশের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীম এবং জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন। এ ছাড়া পূজা উদযাপন কমিটির নেতা, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

পরে অতিথিরা পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।