ওজন কমাতে যেসব খাবার রাতে খাবেন না

অন্যান্য
ওজন কমাতে যেসব খাবার রাতে খাবেন না
নিউজ ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬

ওজন কমানোর ক্ষেত্রে সারাদিনের খাবারের পাশাপাশি রাতের খাবার বেছে নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদদের মতে, সঠিক রাতের ডায়েট মেনে চললে ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি শরীরও থাকে সুস্থ ও কর্মক্ষম।

পুষ্টিবিদ ইসরাত জাহান জানিয়েছেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের রাতের খাবার হওয়া উচিত হালকা, পরিমিত ও পুষ্টিকর। তিনি ওজন কমাতে সহায়ক একটি স্বাস্থ্যসম্মত রাতের ডায়েট চার্টের কথা উল্লেখ করেছেন।

রাতের খাবারে যা রাখবেন

পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী, রাতে দুইটি আটার রুটি অথবা এক কাপ সেদ্ধ ভাত খাওয়া যেতে পারে। এর সঙ্গে রাখতে হবে এক বাটি রান্না করা সবজি, এক টুকরো মাছ বা মাংস, এক বাটি ডাল এবং টকদই দিয়ে তৈরি সালাদ। নিয়মিত এই খাবারগুলো গ্রহণ করলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় এবং অতিরিক্ত ক্যালরি জমার ঝুঁকি কমে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

যেসব খাবার এড়িয়ে চলবেন

ওজন কমাতে চাইলে চিনি যুক্ত খাবার, অতিরিক্ত তেলে ভাজা বা পোড়া খাবার, মিষ্টি পানীয়, ট্রান্সফ্যাট ও প্রাণিজ চর্বিযুক্ত খাবার পরিহার করা জরুরি। এছাড়া সাদা ময়দার তৈরি খাবার, মধু বা সিরাপ জাতীয় খাদ্য, মিষ্টি শুকনো ফল, প্রক্রিয়াজাত স্ন্যাকস এবং স্টার্চসমৃদ্ধ সবজি যেমন আলু, ভুট্টা বা মিষ্টি আলুও রাতের খাবার থেকে বাদ দেওয়ার পরামর্শ দেন তিনি।

রাতের রুটিনেও পরিবর্তন দরকার

রাতের খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়া ঠিক নয়। খাবার শেষে অন্তত ১০–১৫ মিনিট হালকা হাঁটাহাটি করা উপকারী। পাশাপাশি প্রতিদিন কমপক্ষে ৭ থেকে ৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করলে শরীরের মেটাবোলিজম ভালো থাকে, যা ওজন কমাতে সহায়তা করে।

বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই বর্তমানে অতিরিক্ত ওজন ও স্থূলতার প্রধান কারণ। তাই নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।