আলিয়া মাদরাসার পাঠ্যক্রমে গোপনে পরিবর্তন নিয়ে ভয়াবহ তথ্য দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী
ইসলামী চিন্তাবিদ এনায়েতুল্লাহ আব্বাসী সম্প্রতি আলিয়া মাদরাসার পাঠ্যক্রমে পরিকল্পিত পরিবর্তনের অভিযোগ তুলে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ৮ম ও ৯ম শ্রেণির আকাইদ ও ফিকহ বই থেকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের গুরুত্বপূর্ণ আকিদাগত বিষয়গুলো ধারাবাহিকভাবে বাদ দেওয়া হয়েছে।
ভিডিও বার্তায় আব্বাসী উল্লেখ করেছেন, ২০২৫ সালের বইয়ে অন্তর্ভুক্ত ইলমে তরিকত, ইলমে মারিফাত, আল্লাহর ওলিদের মর্যাদা, সুফিয়ানা জীবনের প্রয়োজনীয়তা সংক্রান্ত অধ্যায়গুলো ২০২৬ সালের নতুন পাঠ্যবই থেকে সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, এই পরিবর্তন শিক্ষক ও আলেমদের অবগত না করেই করা হয়েছে।
অষ্টম শ্রেণির আকাইদ ও ফিকহ বইয়ের তরিকত ও তাসাউফ সম্পর্কিত আলোচনা বাদ দেওয়া হয়েছে। নবম শ্রেণির বইয়ে ‘ইহসান’ অধ্যায়টি নতুন বই থেকে মুছে ফেলা হয়েছে। এছাড়াও, মদিনাতুল মুনাওয়ারার ফজিলত ও আরব বিশ্বের পবিত্র স্থানগুলোর গুরুত্ব সম্পর্কিত বিষয়ও নতুন কারিকুলামে রাখা হয়নি।
আব্বাসী আশঙ্কা প্রকাশ করে বলেন, এটি শিক্ষার্থীদের লা-মাজহাবি দৃষ্টিভঙ্গিতে প্রভাবিত করার প্রচেষ্টা হতে পারে এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা দুর্বল করার চেষ্টা করছে। তিনি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ ও সহিহ আকিদার আলেমদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করে পাঠ্যবই পুনঃপর্যালোচনার আহ্বান জানান।
এই দাবির পর আলিয়া মাদরাসার কারিকুলাম নিয়ে শিক্ষক, আলেম ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


