হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু

অন্যান্য
হামে রাজধানীর এক হাসপাতালেই ২২ শিশুর মৃত্যু
নিউজ ডেস্ক
৩১ মার্চ ২০২৬

দেশজুড়ে হঠাৎ করেই হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, যার মধ্যে অধিকাংশই শিশু।

স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের অন্তত ১০টি জেলায় ইতোমধ্যে হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ২২ শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সময়ে সারাদেশে মার্চ মাসেই কমপক্ষে ২১ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

সোমবার (৩০ মার্চ) হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্রীবাস পাল জানান, চলতি বছরে এই হাসপাতালে ৬০০-এর বেশি হাম আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২২ জন শিশুর মৃত্যু হয়েছে। শুধু মার্চ মাসেই পাঁচ শতাধিক রোগী ভর্তি হয়েছে এবং বর্তমানে শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও জানান, নিয়মিত টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণেই হামের সংক্রমণ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।

এছাড়া চিকিৎসকরা কোভিড-১৯ মহামারির সময় অনুসৃত স্বাস্থ্যবিধি যেমন মাস্ক ব্যবহার, হাত ধোয়া এবং জনসমাগম এড়িয়ে চলার অভ্যাস পুনরায় অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন।