ডালিমের খোসায় যেভাবে ফিরবে ত্বকের হারানো উজ্জ্বলতা
ডালিম শুধু একটি সুস্বাদু ফলই নয়, বরং ত্বকের যত্নেও এটি বেশ উপকারী একটি উপাদান হিসেবে পরিচিত। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, জিঙ্ক ও কপার ত্বককে উজ্জ্বল রাখতে এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে। বিশেষ করে ডালিমের খোসায় থাকা এলাজিক অ্যাসিড ত্বকের বলিরেখা ও ব্রণ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
ত্বকের যত্নে ডালিমের খোসা ব্যবহার করার একটি ঘরোয়া পদ্ধতি নিচে তুলে ধরা হলো—
ডালিমের খোসার ফেসপ্যাক তৈরির পদ্ধতি
প্রথম ধাপ:
ডালিমের খোসা সংগ্রহ করে ২৪ ঘণ্টা রোদে শুকিয়ে নিন, যতক্ষণ না রঙ লালচে থেকে বাদামি হয়। এরপর ছোট ছোট টুকরা করে ব্লেন্ড করে গুঁড়ো তৈরি করুন।
দ্বিতীয় ধাপ:
এক টেবিল চামচ ডালিমের খোসার গুঁড়ো, এক টেবিল চামচ ব্রাউন সুগার এবং এক চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন।
তৃতীয় ধাপ:
মিশ্রণটি ভালোভাবে নেড়ে কয়েক ফোঁটা গোলাপজল যোগ করুন, যাতে এটি খুব ঘন না হয়ে যায়।
চতুর্থ ধাপ:
ফেসপ্যাক ব্যবহারের আগে মুখ ভালোভাবে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিন এবং শুকিয়ে নিন।
পঞ্চম ধাপ:
ব্রাশের সাহায্যে প্যাকটি মুখ, গলা ও ঘাড়ে লাগিয়ে ২০–৩০ মিনিট রেখে দিন।
ষষ্ঠ ধাপ:
প্যাক শুকিয়ে গেলে হালকা পানি দিয়ে ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন, এরপর ঠান্ডা পানি ব্যবহার করুন।
সপ্তম ধাপ:
সবশেষে ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার ব্যবহার করে হালকা ম্যাসাজ করুন।
নিয়মিত ব্যবহারে ত্বক মসৃণ ও উজ্জ্বল হতে পারে এবং বয়সের ছাপ কিছুটা কমাতে সাহায্য করতে পারে বলে ধারণা করা হয়।


