তৃতীয় জোটে যাওয়া না–যাওয়া নিয়ে এনসিপিতে টানাপোড়েন

রাজনীতি
তৃতীয় জোটে যাওয়া না–যাওয়া নিয়ে এনসিপিতে টানাপোড়েন
নিউজ ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫

তৃতীয় রাজনৈতিক জোট গঠনের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বিকেলে দলের নির্বাহী কাউন্সিলের দীর্ঘ বৈঠকে বেশ কয়েকজন সদস্য সম্ভাব্য নতুন জোটে যাওয়ার বিরোধিতা করেন। বিশেষ করে এনসিপি থেকে বেরিয়ে যাওয়া নেতাদের অংশগ্রহণে গঠিত ‘আপ বাংলাদেশ’ প্ল্যাটফর্মটি প্রস্তাবিত জোটে থাকলে সে জোটে যোগ না দেওয়ার পক্ষে মত দেন অনেকে।

দলীয় সূত্র জানায়, নতুন জোট গঠনের বিরোধিতাকারী সদস্যদের বেশির ভাগই বর্তমানে সরকারের উপদেষ্টা হিসেবে থাকা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের অনুসারী। বিকেল সাড়ে পাঁচটা থেকে প্রায় চার ঘণ্টা ধরে দায়িত্বশীলদের উপস্থিতিতে চলে ৫১ সদস্যের নির্বাহী কাউন্সিলের সভা। তবে জোটবিষয়ক সিদ্ধান্তসহ গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতেই একমত হতে পারেনি কাউন্সিল।

এনসিপির ভেতরে বহুদিন ধরেই দুটি অংশে মতবিরোধ বাড়ছে—একটি অংশ বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দিতে আগ্রহী, অন্য অংশ চাইছে এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জেএসডি এবং গণ অধিকার পরিষদকে নিয়ে নতুন একটি তৃতীয় জোট গঠনের উদ্যোগ সামনে এগিয়ে নিতে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বাধীন অংশ তৃতীয় জোটের পক্ষেই অবস্থান নিয়েছে। অন্যদিকে দুই উপদেষ্টার অনুসারীরা বিএনপির সঙ্গে সমন্বয়কে অধিক বাস্তবসম্মত মনে করছেন। এ সময় বৈঠক চলাকালে আসিফ মাহমুদের অনুসারী হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করেন, যা এনসিপির ছাত্রসংগঠনের নেতারা সমর্থন জানায়। ছাত্রসংগঠনটিতে দুই উপদেষ্টার প্রভাব রয়েছে বলে জানা গেছে।

দলের অভ্যন্তরীণ বিরোধ ও সিদ্ধান্তহীনতার কারণে পূর্বঘোষিত সংবাদ সম্মেলনেও উপস্থিত হননি এনসিপির শীর্ষ নেতারা। ফলে তৃতীয় জোটে যাওয়া না–যাওয়া নিয়ে দলে অচলাবস্থা আরও গভীরতর হলো বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত।