খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে দুটি ফুলের তোড়া পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসব তোড়া পৌঁছে দেন। দলের চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার আনুষ্ঠানিকভাবে ফুল গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, পাকিস্তানের শীর্ষ নেতাদের পক্ষ থেকে পাঠানো এই শুভেচ্ছা খালেদা জিয়ার প্রতি কূটনৈতিক সদ্ভাবের প্রকাশ।
এদিকে বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন। গত রোববার রাত ৮টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সেখানে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল সিসিইউতে তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, খালেদা জিয়ার নিউমোনিয়া ধরা পড়েছে। তার বহু জটিল রোগ থাকায় চিকিৎসা দিতে গিয়ে ঝুঁকি থেকেই যাচ্ছে। বিভিন্ন পরীক্ষার ফলাফলে ইতিবাচক ও নেতিবাচক—দুই রকমই রিপোর্ট পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।


