চট্টগ্রামে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়

রাজনীতি
চট্টগ্রামে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে জামায়াত নেতাদের মতবিনিময়
নিউজ ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল–ইকোনমিক কাউন্সেলর এরিক গিলানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষ দেশের রাজনৈতিক পরিবেশ, নাগরিক উন্নয়ন, মানবাধিকার ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ এবং জামায়াতের চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর মহিলা জামায়াতের নেত্রী হাসিনা ইয়াসমিন রিনা, আয়েশা পারভিন ও শিরিন জাহান।

মতবিনিময় সভায় চট্টগ্রামসহ দেশের সামগ্রিক সামাজিক সামঞ্জস্য ও ধর্মীয় সহাবস্থানের বিভিন্ন দিক তুলে ধরেন মহানগর আমির নজরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ সমান মর্যাদার অধিকারী এবং নাগরিক অধিকারের প্রশ্নে কোনো বিভাজন থাকা উচিত নয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও উল্লেখ করেন, জবাবদিহিতা নিশ্চিত করা ও দুর্নীতি দমনে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকাই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে।

দীর্ঘদিনের জলাবদ্ধতা, নগর পরিকল্পনার ঘাটতি এবং নাগরিক দুর্ভোগ কমাতে স্থানীয় পর্যায়ে জামায়াতের নেওয়া সেবামূলক কার্যক্রম প্রতিনিধি দলের সামনে উপস্থাপন করা হয়। পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক অগ্রগতিতে শহরটির গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

বৈঠকে অংশ নেওয়া জামায়াতের নারী নেত্রীরা নারীর শিক্ষা বিস্তার, নিরাপত্তা ও নেতৃত্ব উন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। মার্কিন প্রতিনিধি এরিক গিলান নারীর নেতৃত্ব বিকাশকে দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি উল্লেখ করে উদ্যোগগুলোকে স্বাগত জানান।

আলোচনার শেষে দুই পক্ষই মানবিক মূল্যবোধ, গণতন্ত্র, সামাজিক সম্প্রীতি ও টেকসই উন্নয়নের স্বার্থে ভবিষ্যতেও নিয়মিত সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।