দিনাজপুর–৩ আসনে খালেদা জিয়ার বিপরীতে এনসিপি প্রার্থী ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের ১২৫টি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব নাম ঘোষণা করেন সদস্যসচিব আখতার হোসেন।
ঘোষিত তালিকায় দিনাজপুর–৩ আসনে দলটির জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদিরকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে একই আসনে বিএনপি তাদের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করায় আসনটি এখন তিন দলের লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে।
গত নভেম্বরের শুরুতে এনসিপি জানায়, খালেদা জিয়া যেখানে প্রার্থী হবেন—সেই আসনে তারা প্রার্থী দেবে না। কিন্তু সর্বশেষ মনোনয়ন তালিকায় দলটি সেই অবস্থান থেকে সরে এসেছে।
এই আসনে বিএনপির পাশাপাশি জামায়াতও তাদের প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলমকে মনোনয়ন দিয়েছে।
বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, ফেনী–১, দিনাজপুর–৩ এবং বগুড়া–৭ আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বেগম খালেদা জিয়া।
নির্বাচন ঘনিয়ে আসায় দিনাজপুর–৩ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে—এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।


