আগামী ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকলে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।
বুধবার (১০ ডিসেম্বর) লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেড়ির মাথা এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।
এ্যানি বলেন, “আগামী দুই-চার দিন অথবা ১০ দিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন। তিনি নির্বাচনে অংশ নেবেন, দেশের নেতৃত্ব দেবেন—আমরা সেই অপেক্ষায় আছি।”
বিএনপি নেতা অভিযোগ করেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবনতি রাজনৈতিক প্রতিহিংসার ফল। তিনি বলেন, “গত ১৭ বছরে নানা অত্যাচার-নির্যাতনের কারণে আপসহীন নেত্রী খালেদা জিয়ার এমন অবস্থা হয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে তাঁকে কারাগারে রাখা হয়েছিল। এমনকি তাঁর খাবারেও ক্ষতিকর উপাদান মেশানো হয়েছিল বলে আমরা বিশ্বাস করি।”
এ্যানির দাবি, এবারকার নির্বাচন মোকাবিলা করতে হচ্ছে একটি ‘অদৃশ্য শক্তির’ বিরুদ্ধে। তার ভাষায়, “আওয়ামী লীগ পালিয়ে গেছে। জনগণের ওপর অত্যাচার করে ভোট করার মতো পরিবেশ তারা রাখেনি।”
উঠান বৈঠকে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


