হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

রাজনীতি
হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা
নিউজ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তার পরিচালিত ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর ইনকিলাব কালচারাল সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে। এ সময় সেন্টারটি বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়।

পরবর্তীতে একই পেজে প্রকাশিত একটি বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সেন্টার কর্তৃপক্ষ একটি সংকটময় সময় পার করছে। ভলান্টিয়ার ও ব্যবস্থাপনা দলের সদস্যরা হাসপাতাল ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে ব্যস্ত থাকায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আগামী এক সপ্তাহের জন্য ইনকিলাব কালচারাল সেন্টারের সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিজ্ঞপ্তিতে শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করে বলা হয়, ইনশাআল্লাহ শিগগিরই এই সংকট কাটিয়ে উঠে সেন্টারের কার্যক্রম পুনরায় নিয়মিতভাবে শুরু করা হবে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন।