সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র, পাশাপাশি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে একটি বিশেষ মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে।
রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এ বিষয়ে অনুষ্ঠিত এক জরুরি কল কনফারেন্সে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি।
গত কয়েক দিন ধরে ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে সরকার। রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মতামত এবং পরিবারের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে উন্নত চিকিৎসার স্বার্থে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য প্রয়োজনীয় এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।
ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সম্পূর্ণ ব্যয় রাষ্ট্র বহন করবে। একই সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে তদারকির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন।


