জনগণের কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য: হাবিব

রাজনীতি
জনগণের কল্যাণই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য: হাবিব
নিউজ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণের কল্যাণ ও তাদের অধিকার নিশ্চিত করা। নির্বাচিত হই বা না হই, বিএনপি সর্বদা জনগণের পাশে থাকবে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর নবিয়াবাদ মাদরাসা সংলগ্ন বালুর মাঠে ৭৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন, “ডিসেম্বরের এই মাস আমাদের জন্য বিশেষ। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের লাল-সবুজের পতাকা এবং সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়েছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “আমাদের স্বপ্ন ছিল গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত থাকবে। কিন্তু যুগে যুগে স্বৈরশাসকরা গণতন্ত্র নষ্ট করেছে। এখন সময় এসেছে নতুন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষা করতে হবে।”

হাবিবুর রশিদ হাবিব বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন। তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় এলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড এবং প্রতিটি নাগরিকের জন্য সুচিকিৎসা নিশ্চিত করা হবে। আমরা চাই দেশের প্রতিটি মানুষ শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ পাক।”

প্রার্থী আরও বলেন, “এলাকার মানুষের মৌলিক চাহিদা এখনও পূর্ণ হয়নি। আমাদের দায়িত্ব হলো জনগণের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সবুজবাগ থানা যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। হাবিব খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার নেতৃত্বে গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রাম বেগবান করার আহ্বান জানান।