স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে কোটি টাকার ‘পুরস্কার’ ঘোষণা আম্মারের

রাজনীতি
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে কোটি টাকার ‘পুরস্কার’ ঘোষণা আম্মারের
নিউজ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে বক্তব্যে সালাহউদ্দিন আম্মার বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার অভিযোগ, ঘাতকদের গ্রেপ্তারের পরিবর্তে পুরস্কার ঘোষণা করে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিস্থিতিকে ‘তামাশায়’ পরিণত করেছেন।

তিনি বলেন, “এ ধরনের ব্যর্থতার পর স্বরাষ্ট্র উপদেষ্টার পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। যে ব্যক্তি বা গোষ্ঠী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করতে পারবে, তাকে আমি এক কোটি টাকা পুরস্কার দেব।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে বিকেল ৩টার দিকে শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে শহীদ মিনারে এই সর্বদলীয় সমাবেশ শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, সমাবেশ শুরুর আগেই শহীদ মিনার এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ঘটে। ব্যানার-ফেস্টুন, গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে হামলার প্রতিবাদ এবং রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে অবস্থান তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই সমাবেশের লক্ষ্য হলো হামলার ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুই হামলাকারীর গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে এবং চিকিৎসকদের মতে তার অবস্থা আশঙ্কাজনক।