২৫ ডিসেম্বর বাংলাদেশের পতাকা হাতে দেশে ফিরবেন তারেক রহমান

রাজনীতি
২৫ ডিসেম্বর বাংলাদেশের পতাকা হাতে দেশে ফিরবেন তারেক রহমান
নিউজ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর বাংলাদেশে পতাকা হাতে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “২০০২ সালে চীনে একটি সফরের সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে চীনের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়েছিলেন এবং বলেছিলেন, ‘হি ইজ মাই সান’। তখন চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বলেছিলেন, ‘ক্যারি দ্য ফ্ল্যাগ অব ইউর ফাদার অ্যান্ড মাদার’। সেই জাতীয়তাবাদী, স্বাধীনতা ও গণতন্ত্রের পতাকা নিয়েই তিনি দেশে ফিরছেন।”

তিনি আরও বলেন, “সেদিন আমরা সবাই জেগে উঠবো। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, নতুন সরকার আসলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া একাত্তরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ নতুন করে গণতন্ত্রকে নস্যাৎ করতে চাচ্ছে।

শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় বিএনপি মহাসচিব বলেন, “আমাদের বন্ধু ও সহকর্মীর ওপর আক্রমণের তীব্র নিন্দা জানাই। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছি। হামলাকারী হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছে, তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত।”

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। সভার শুরুতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল। বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যাবলির মধ্যে আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমদ, উপদেষ্টা কাউন্সিলের আবদুস সালাম, যুব দলের নুরুল ইসলাম নয়ন এবং স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসানসহ অন্যান্য নেতা।