গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান

রাজনীতি
গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান
নিউজ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে দিনটিকে ‘অবিস্মরণীয়’ করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। তার জন্য বাসভবন ও দলীয় কার্যালয় প্রস্তুতের কাজ ইতোমধ্যে প্রায় শেষ হয়েছে বলে জানিয়েছে বিএনপি সূত্র।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র পাশেই গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন তারেক রহমান। পাশাপাশি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তার জন্য আলাদা একটি চেম্বার প্রস্তুত করা হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও একইভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার করা হয়েছে।

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গুলশানে আরও একটি বাসা ভাড়া নিয়েছে বিএনপি। এখান থেকেই নির্বাচনি কার্যক্রম ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মঙ্গলবার গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর ভবনে নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতা কর্মসূচি ঘোষণা করা হয়। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন জানান, এই কর্মসূচি তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করেই আয়োজন করা হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশের মানুষ আমাদের নেতার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে। ২৫ ডিসেম্বর বিমানবন্দরে পৌঁছালে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে তাকে সংবর্ধনা জানাবেন।” তিনি জানান, এ বিষয়ে দলীয়ভাবে বিস্তারিত প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় তারেক রহমানকে সংবর্ধনার সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরেজমিনে দেখা গেছে, গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা ছাউনি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তারেক রহমান সেখানে অবস্থান করবেন—এ কারণেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

নতুন গুলশান অফিস সম্পর্কে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাকে ঘিরেই আমাদের সব প্রস্তুতি।”

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা ঘিরে বিএনপি বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করবে।