মব, হামলা ও ভাঙচুরকে দেশ অস্থিতিশীল করার পরিকল্পিত ষড়যন্ত্র বললেন মির্জা ফখরুল
দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা হিসেবে দেখছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এসব ঘটনা একটি সুসংগঠিত ‘ব্লু প্রিন্ট’ অনুযায়ী ঘটানো হচ্ছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটসহ বিভিন্ন স্থানে যে হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে, তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং এসবের মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে যেভাবে মব তৈরি করে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, তা গভীরভাবে উদ্বেগজনক। তার মতে, এর মাধ্যমে বাংলাদেশে উগ্রবাদ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
তিনি আরও বলেন, মব সৃষ্টি করে বা জোর করে কোনো আদর্শ চাপিয়ে দেওয়া বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতায় সম্ভব নয়। বাংলাদেশের সমাজ ঐতিহাসিকভাবেই উদার ও সহনশীল।
বিএনপি মহাসচিব দাবি করেন, চলমান সহিংসতা মূলত আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি কৌশল। তবে জনগণের সচেতনতা ও ঐক্যের মাধ্যমে এই অপচেষ্টা ব্যর্থ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


