ইন্টারপোলের মাধ্যমে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনতে রিট

রাজনীতি
ইন্টারপোলের মাধ্যমে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনতে রিট
নিউজ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং তারা বিদেশে অবস্থান করলে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানানো হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ রিট দায়ের করেন।

রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি), বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রিটকারী জানান, আবেদনে হাদি হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তারা বিদেশে পলাতক থাকলে আন্তর্জাতিক আইনগত প্রক্রিয়ায়, বিশেষ করে ইন্টারপোলের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য আদালতের কাছে প্রয়োজনীয় আদেশ ও রুল জারির আবেদন করা হয়েছে।

রিটে বলা হয়, ওসমান হাদি হত্যাকাণ্ড একটি গুরুতর অপরাধ এবং এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।