রিমান্ডে নেওয়ার সময় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

রাজনীতি
রিমান্ডে নেওয়ার সময় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
নিউজ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রিমান্ডে নেওয়ার প্রস্তুতিকালে হঠাৎ অসুস্থ হয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম ওয়াসিকুর রহমান বাবু (৪৩)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে। রাজনৈতিক জীবনে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বাড্ডা থানা শাখার সাবেক সভাপতি ছিলেন এবং বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের আদেশ অনুযায়ী রিমান্ডে হস্তান্তরের সময় বাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কারা সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ওয়াসিকুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে ২৭ সেপ্টেম্বর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে রোববার (২১ ডিসেম্বর) বিকেলে পুলিশের একটি দল তাকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে নিতে আসে। কারাগারের নিয়ম অনুযায়ী হস্তান্তর প্রক্রিয়া চলাকালে ভর্তি শাখার অফিস কক্ষে একটি চেয়ারে বসানো হলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মেঝেতে লুটিয়ে পড়েন।

পরে তাকে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।