বিএনপিতে যোগ দিলেন ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা

রাজনীতি
বিএনপিতে যোগ দিলেন ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা
নিউজ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে যোগ দিয়েছেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার যোগদান সম্পন্ন হয়।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার বিএনপিতে যোগদান আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।” তিনি নতুন সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নিজের বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা বলেন, তিনি নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং এ সুযোগ করে দেওয়ায় বিএনপি মহাসচিবসহ দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপিতে যোগদানের পর সৈয়দ এহসানুল হুদাকে কিশোরগঞ্জ-৫ আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ওই আসনে দলের বর্তমান প্রার্থী পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য, এর আগে গত ৮ ডিসেম্বর বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন এবং তাকে লক্ষ্মীপুর-১ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়। এছাড়া গত ১ ডিসেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়াও আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।