বিএনপি–জমিয়ত সমঝোতা: ৪ আসনে প্রার্থী দেবে না বিএনপি

রাজনীতি
বিএনপি–জমিয়ত সমঝোতা: ৪ আসনে প্রার্থী দেবে না বিএনপি
নিউজ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫

নির্বাচনি সমঝোতার আওতায় বিএনপি চারটি সংসদীয় আসন ছেড়ে দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে। আসনগুলো হলো— সিলেট-৫, নীলফামারী-১, ব্রাহ্মণবাড়িয়া-২ ও নারায়ণগঞ্জ-৪। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না।

জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে সিলেট-৫ আসনে দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং নারায়ণগঞ্জ-৪ আসনে যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, যেসব আসনে জমিয়তে উলামায়ে ইসলাম প্রার্থী দিচ্ছে, সেসব আসনে বিএনপি কোনো প্রার্থী রাখবে না।

এ সময় মির্জা ফখরুল ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতে যুগপৎ আন্দোলনে জমিয়তে উলামায়ে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই রাজনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় এবার নির্বাচনি সমঝোতা হয়েছে।

অন্যদিকে, জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, দেশ ও জাতির কল্যাণে রাষ্ট্র পরিচালনায় তারা বিএনপির ওপর আস্থা রাখেন। সেই বিশ্বাস থেকেই বিএনপির সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।