দেশ ও জনগণের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই : জাইমা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিনি এ কথা জানান ফেসবুকে দেওয়া একটি পোস্টে, যা বিএনপির ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়েছে।
জাইমা রহমান তার পোস্টে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করে বলেন, ছোট বয়সে তিনি তার দাদুর কাছে পেয়েছেন নেতৃত্বের প্রথম শিক্ষা—নম্রতা, আন্তরিকতা এবং মন দিয়ে শোনার মানসিকতা। তিনি লিখেছেন, “আমার দাদু শুধু দেশের প্রধানমন্ত্রী ছিলেন না, আমার জন্য তিনি ছিলেন একজন মমতাময়ী অভিভাবক। ছোট ছোট মুহূর্তগুলো থেকেই আমি শিখেছি মানুষের পাশে দাঁড়ানো, দায়িত্বশীল হওয়া এবং সমাজের জন্য কাজ করার মানসিকতা।”
জাইমা আরও বলেন, সতেরো বছর বিদেশে কাটানোর পরও তিনি কখনো শিকড় ভুলেননি। লন্ডনে থাকা দিনগুলো তাকে বাস্তববাদী এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে, কিন্তু হৃদয়-মন সবসময় বাংলাদেশেই ছিল। আইন পেশায় কাজ করার অভিজ্ঞতাও তাকে মানুষের সমস্যা বোঝা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং দায়িত্বশীল হওয়া শিখিয়েছে।
দেশে ফেরার বিষয়ে জাইমা বলেন, “অনেক বছর পর দেশে ফিরছি। দেশে ফেরা মানে আবেগ এবং দায়িত্বের এক অনন্য সংমিশ্রণ। দেশে ফিরে ইনশাআল্লাহ, আমি ‘দাদু’র পাশে থাকতে চাই, আমার আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই। দেশের জন্য সর্বস্ব দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে চাই।”
তিনি যোগ করেন, “আমার পরিবারকে ঘিরে জনগণের কৌতূহল ও প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণের দায়িত্বও রয়েছে। এটি আমাদের জীবনের গল্পের অংশ, যার মাধ্যমে আমরা দেশের জন্য এগিয়ে যেতে পারি।”


