বিএনপির প্রার্থী না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হতে চলেছেন রুমিন ফারহানা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপি প্রার্থী না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, “আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচন করবো। আগামীকাল বা পরশু মনোনয়ন ফরম নেওয়া হবে।” তিনি আরও যোগ করেন, “বড় কোনো দল সবসময় ভাল-মন্দ বিচার করে। যেহেতু বিএনপি জমিয়তে উলামায়ের সঙ্গে জোট করেছে, তাই তারা আমাকে আসন দিতে পারেনি।”
বিএনপির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এ বিষয়ে রুমিন ফারহানা বলেন, “যদি ব্যবস্থা নেওয়া হয়, দল অবশ্যই নেবে। আমি তো কোনো বাধা দিতে পারবো না।”
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোট প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে ঘোষণা করেন। তিনি জানান, দলের অনুমোদন ছাড়া স্বতন্ত্রভাবে নির্বাচন করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মির্জা ফখরুল আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীদের প্রতিযোগিতা করা আসনে বিএনপি নিজস্ব প্রার্থী দেবে না। তিনি জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।


