মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি: তারেক রহমান
দীর্ঘ সময় পর দেশে ফিরে প্রথম বক্তব্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। তাঁর দোয়াতেই মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি।”
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে এসব কথা বলেন তিনি।
বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারেক রহমান সংবর্ধনা মঞ্চে ওঠেন। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। মঞ্চে উঠে তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
জাতির উদ্দেশে দেওয়া বক্তব্য শেষ করার পর তারেক রহমান তার অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর তিনি গুলশানে নিজ বাসভবনে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে কড়া নিরাপত্তার মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ব্র্যান্ডিং করা লাল-সবুজ রঙের একটি বাসে করে তাকে সংবর্ধনাস্থলে আনা হয়।
৩০০ ফিট এলাকায় পৌঁছানোর পথে বাস থেকে হাত নেড়ে দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা জানান বিএনপির এই শীর্ষ নেতা। তার আগমনকে কেন্দ্র করে পুরো পথজুড়ে বিপুল জনসমাগম হয়। ফলে প্রায় ৫ কিলোমিটারের পথ পাড়ি দিতে বাসটির সময় লাগে তিন ঘণ্টারও বেশি।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।


