তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন: নাহিদ ইসলাম

রাজনীতি
তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন: নাহিদ ইসলাম
নিউজ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে তারেক রহমানের এই রাজনৈতিক অংশগ্রহণ ইতিবাচক ও ফলপ্রসূ হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর পর একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতা হিসেবে তারেক রহমানের নিজ দেশে ফিরে আসার অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হওয়া গণতান্ত্রিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এটি দেশের রাজনৈতিক বাস্তবতায় একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নাহিদ ইসলাম আরও লেখেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে তারেক রহমান ও তার পরিবার দীর্ঘদিন রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন এবং তাকে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া নতুন রাজনৈতিক বাস্তবতায় আজ তিনি স্বদেশে ফিরতে পেরেছেন, যা বহু মানুষের আত্মত্যাগের ফল।

তিনি বলেন, এনসিপি একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতা ভিন্নমতের কারণে দমন-পীড়নের শিকার হবেন না এবং প্রতিটি নাগরিকের রাজনৈতিক অধিকার ও আইনের শাসন নিশ্চিত থাকবে।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম আরও বলেন, বিগত দেড় দশকের রুদ্ধ রাজনৈতিক পরিবেশ পেরিয়ে দেশ এখন একটি মুক্ত ও গণতান্ত্রিক পথে অগ্রসর হচ্ছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা করেন।

শেষে তিনি উল্লেখ করেন, নতুন রাজনৈতিক বাস্তবতায় পারস্পরিক সহাবস্থান এবং সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।