এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসার পথে তারেক রহমান

রাজনীতি
এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসার পথে তারেক রহমান
নিউজ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানের বাসার উদ্দেশে রওনা হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন। পরে লাল-সবুজ রঙের বাসে উঠে গাড়িবহরসহ গুলশানের দিকে যাত্রা করেন।

এর আগে একই দিন বিকেল পৌনে ৫টার দিকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন এবং সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছান বলে জানা গেছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে সকালে তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে বহনকারী উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে। সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে কোলাকুলি করেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করার মধ্য দিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানান বিএনপির এই শীর্ষ নেতা। এরপর দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি লাল-সবুজ বাসে ওঠেন।

বিকেল ৩টা ৫০ মিনিটে তারেক রহমান পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান। বিমানবন্দর থেকে সেখানে পৌঁছাতে তার সময় লাগে প্রায় সাড়ে তিন ঘণ্টা।