ঢাবিতে শহীদ হাদি’র কবর জিয়ারত করলেন তারেক রহমান

রাজনীতি
ঢাবিতে শহীদ হাদি’র কবর জিয়ারত করলেন তারেক রহমান
নিউজ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে তিনি সেখানে পৌঁছান।

এর আগে সকাল পৌনে ১১টার দিকে গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসি এলাকায় অবস্থান নেন। রাজু ভাস্কর্যের পাদদেশে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এ সময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুনিরা বাইরে ঘোরে, ইন্টেরিম কী করে’সহ বিভিন্ন স্লোগান দেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তারেক রহমানের আগমন উপলক্ষে টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি শাহবাগমুখী সড়কে পুলিশের ব্যারিকেড দেখা যায়।

ছাত্রদল কর্মী সাজিদ বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক তারেক রহমানের আগমনকে স্বাগত জানাতেই আমরা এখানে জড়ো হয়েছি।

কবর জিয়ারত শেষে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে শ্যামলীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনের একটি কর্মসূচি থাকলেও সেখানে আহত কেউ না থাকায় তা বাতিল করা হয়।