ভোটার হলেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করানোর জন্য আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হন। দুপুর ১টার দিকে ইসিতে প্রবেশ করেন তিনি।
নির্বাচন ভবনের পেছনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউশন (ইটিআই) ভবনে যান তারেক রহমান। সেখানে প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য নির্ধারিত কক্ষে তিনি এনআইডি সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তার কন্যা জাইমা রহমানও একই দিন এনআইডির জন্য আবেদন করেন। আঙুলের ছাপ, চোখের আইরিশ এবং বায়োমেট্রিক তথ্য প্রদান শেষে তারেক রহমানের এনআইডি প্রাপ্তিতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর।
এইদিন সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান। তার আগমনের খবরে সকাল থেকে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নেন।
দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।


