হ্যাঁ ভোট মানে সংস্কার, আর ‘না’ মানে স্বৈরাচারী কাঠামো বহাল রাখা: বদিউল আলম মজুমদার

রাজনীতি
হ্যাঁ ভোট মানে সংস্কার, আর ‘না’ মানে স্বৈরাচারী কাঠামো বহাল রাখা: বদিউল আলম মজুমদার
নিউজ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ও অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া মানে রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া, আর ‘না’ ভোট মানে বিদ্যমান স্বৈরাচারী কাঠামো বহাল রাখা। তিনি অভিযোগ করেন, সরকার এ বিষয়ে যে ধরনের প্রচার চালানোর কথা ছিল, তা এখনো কার্যকরভাবে করেনি।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা অ্যাকাডেমিতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. বদিউল আলম মজুমদার বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের মৌলিক সংস্কার নিয়ে জনগণের মতামত নেওয়া হবে। মোট ৪৮টি সংস্কার প্রস্তাবকে চারটি প্যাকেজে ভাগ করে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমে গণভোট আয়োজন করা হবে। তিনি জানান, এসব সংস্কারের গুরুত্ব ও সুফল জনগণের কাছে তুলে ধরতে সুজন শিগগিরই প্রচার কার্যক্রম শুরু করবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে তিনি নিজে আদালতে গেছেন। উচ্চ আদালত আংশিকভাবে পঞ্চদশ সংশোধনী বাতিল করলেও বিষয়টি আপিল বিভাগে স্থগিত রয়েছে। আগামী মার্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি এবং তখন ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।