তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

রাজনীতি
তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
নিউজ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)। সিপিসির পক্ষ থেকেই এই আমন্ত্রণ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গত ২২ জুন সিপিসির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করে। সফরকালে প্রতিনিধি দলটি বেইজিংয়ের গ্রেট হলে সিপিসির শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেয়।

বৈঠকে চীনের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী সান ওয়েইডং, সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে আলোচনা করেন বিএনপি মহাসচিব।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী হয়ে উঠেছে চীন। তাদের ধারণা, তারেক রহমানের সম্ভাব্য সফর ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্কের কূটনৈতিক, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক মাত্রায় প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চীন শুধু বিএনপি নয়, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে। তিনি উল্লেখ করেন, মিয়ানমারের ক্ষেত্রেও চীন একই কৌশল অনুসরণ করেছে—যাতে যে দলই রাষ্ট্রক্ষমতায় আসুক না কেন, চীনের স্বার্থ অক্ষুণ্ন থাকে।