জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য এনসিপি নেত্রীর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জামায়াতে ইসলামীকে নির্ভরযোগ্য রাজনৈতিক মিত্র হিসেবে দেখেন না। তিনি দলকে স্পষ্টভাবে জোট না গড়ার আহ্বান জানিয়েছেন।
রোববার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সামান্তা বলেন, “জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র নয়। তাদের রাজনৈতিক অবস্থান ও দর্শনের সঙ্গে সমঝোতায় যাওয়া এনসিপির জন্য কঠিন মূল্য চুকাতে হবে।”
তিনি আরও জানান, সম্প্রতি জামায়াতে ইসলামী নেতারা রাজনৈতিক জোটের প্রেক্ষাপটে মন্তব্য করেছিলেন—যদি কোনো দল তাদের জুলাইয়ের স্পিরিট এবং বাংলাদেশের জন্য পরিকল্পনার সঙ্গে একমত হয়, তবে জোটে আসার সুযোগ থাকতে পারে। তবে সামান্তা বলেন, এনসিপির মূলনীতি, রাষ্ট্রকল্প ও রাজনৈতিক দর্শন জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনসহ সেকেন্ড রিপাবলিকের নীতিগুলো এনসিপির ভিত্তি। তাই এই তিন বিষয়ে অভিন্ন অবস্থান ছাড়া কোনো রাজনৈতিক মিত্রতার সম্ভাবনা নেই।
সামান্তা আরও বলেন, “আমার বর্তমান অবস্থান পার্টির গত দেড় বছরের নীতি ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জুলাই পদযাত্রার পর থেকে এনসিপি ৩০০ আসনে একক প্রার্থী দেয়ার ঘোষণা করেছে এবং স্বতন্ত্রভাবে নির্বাচন করবে।”
তিনি জোর দেন, জামায়াতের সঙ্গে জোট করার সম্ভাব্য সমস্যা বোঝানো মানে বিএনপির পক্ষে অবস্থান নেওয়া নয়। বরং এনসিপির এতদিনের প্রকাশিত অবস্থান ও আদর্শের প্রতি তিনি অঙ্গীকারবদ্ধ। সামান্তার মতে, বিএনপি বা জামায়াতের যেকোনো জোটে অংশ নেওয়া এনসিপির সাংগঠনিক ও রাজনৈতিক নীতি থেকে বিচ্যুতি ঘটাবে।


