সিলেট থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন তারেক রহমান

রাজনীতি
সিলেট থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন তারেক রহমান
নিউজ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রম শুরু করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার তিনি সিলেট সফরে যাবেন। সফরকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটে এবং বগুড়া তাঁর নির্বাচনী এলাকা হওয়ায় তিনি তিন দিনের জন্য সিলেট ও বগুড়া সফর করতে পারেন বলে জানিয়েছেন বিএনপির একাধিক নেতা।

এদিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমবারের মতো বসেছেন তারেক রহমান। রোববার দুপুর ১টা ৪০ মিনিটে গুলশান অ্যাভিনিউর বাসা থেকে তিনি কার্যালয়ে পৌঁছান। এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর চেয়ারপারসনের জন্য এই কার্যালয় চালু করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কার্যালয়ে পৌঁছালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ দলীয় নেতারা।

শুভেচ্ছা বিনিময় শেষে তারেক রহমান কার্যালয়ের দোতলায় নিজের কক্ষে বসে নেতাদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম পূরণ ও স্বাক্ষর করেন।

অন্যদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় চেয়ারপারসনের কক্ষের পাশেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে।

নির্বাচন কমিশনের অনুমোদনের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারেক রহমান। একই সঙ্গে তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও ভোটার হয়েছেন। ইসি সূত্র জানায়, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের গুলশান অ্যাভিনিউর ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

বিএনপি সূত্র জানায়, সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও প্রার্থী হবেন। রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় এবং গুলশান কার্যালয়েই তাতে স্বাক্ষর করেন তিনি। মনোনয়নপত্র সোমবার জমা দেওয়ার কথা রয়েছে।

রোববার রাতে ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান।

এদিকে রোববার গভীর রাতে মাকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে পৌঁছে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন এবং রাত ১২টা ৮ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন। এর আগে হাসপাতালে যান তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।