খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বাধা দিয়ে ‘হত্যা করা হয়েছে’। তিনি উল্লেখ করেন, এই মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না।
বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে তার জীবন ও কর্ম নিয়ে দেওয়া লিখিত বক্তব্যে নজরুল ইসলাম এ মন্তব্য করেন।
তিনি বলেন, “ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন খালেদা জিয়া। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। দেশবাসী প্রত্যক্ষ করেছেন, তিনি হাঁটে হাঁটে কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু বের হয়েছেন চরম অসুস্থ অবস্থায়।”
নজরুল ইসলাম আরও বলেন, “পরবর্তীতে গৃহবন্দি থাকা চার বছরে বিদেশে উন্নত চিকিৎসা না দেওয়া হয়। এ কারণে অসুস্থতা ক্রমে বেড়ে যায় এবং মৃত্যু অনিবার্য হয়ে ওঠে। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবেন না।”
তিনি খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথাও তুলে ধরেন। বলেন, “তিনি জনগণের কল্যাণে একের পর এক যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং দেশ ইমার্জিং টাইগার হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে।”
বক্তব্যে খালেদা জিয়ার জন্ম, পারিবারিক জীবন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ, রাজনীতিতে উত্থান, নির্বাচনে জয়লাভ এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনসহ তার জীবনের গুরুত্বপূর্ণ তথ্যও তুলে ধরা হয়।


