বিরোধী দল দুর্ভাগ্যবশত আবার শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে

রাজনীতি
বিরোধী দল দুর্ভাগ্যবশত আবার শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে
৯ আগস্ট ২০২৬

বিরোধী দল দুর্ভাগ্যজনকভাবে আবারও শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি বেসরকারি সংগঠন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা যে ধরনের ভাষায় কথা বলতেন, বিরোধী দলও এখন সেই একই ধরনের বক্তব্য দিচ্ছে। ‘করতে দেব না, চলতে দেব না, শেষ করতে দেব না’—এ ধরনের বক্তব্য গণতান্ত্রিক রাজনৈতিক ভাষা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যেই দেশের পরিস্থিতিতে অনেক পরিবর্তন এসেছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। তবে এই প্রক্রিয়া সহজ নয় এবং অল্প সময়ের মধ্যেই সব সমস্যার সমাধান করা সম্ভব নয়।

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের কাছে সবকিছু তাৎক্ষণিকভাবে সমাধানের দাবি না করে বাস্তবতা বিবেচনায় নিতে হবে।

‘বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল’

দেশের জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে নতুন তেল বা গ্যাসের খনি আবিষ্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। গ্যাস ও তেল অনুসন্ধানের প্রতিষ্ঠান বাপেক্সকেও কার্যত পঙ্গু করে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

বর্তমান সরকার বাপেক্সকে পুনরায় সক্রিয় করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশে গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোকে টেন্ডারের মাধ্যমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়া এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, বিরোধী দলকে গণতান্ত্রিক রাজনৈতিক ভাষায় কথা বলতে হবে। একই সঙ্গে জনগণের ম্যান্ডেট পাওয়া সরকারকে আগে কাজ করার সুযোগ দেওয়া উচিত।

দ্রব্যমূল্য নিয়েও বক্তব্য

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, জাহাজের পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কিছু পণ্যের দাম বেড়েছে। তবে এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে।

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।