মির্জা ফখরুলের স্থলাভিষিক্ত রিজভী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রাজনীতি
মির্জা ফখরুলের স্থলাভিষিক্ত রিজভী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
২০ আগস্ট ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মহাসচিব পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থলাভিষিক্ত হলেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করার সিদ্ধান্ত জানায় বিএনপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পর গত ১৩ আগস্ট তিনি দলের মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ান। এরপর কয়েকদিন পদটি শূন্য ছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মির্জা ফখরুলের পদত্যাগের পর থেকেই রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করার আলোচনা ছিল দলের ভেতরে। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার দিনই দলীয় সিদ্ধান্তের মাধ্যমে তাকে নতুন দায়িত্ব দেওয়া হলো।

এর আগে গত ১৫ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চারজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

দলের গুরুত্বপূর্ণ এই পদে রিজভীর নিয়োগের মধ্য দিয়ে বিএনপির সাংগঠনিক নেতৃত্বে নতুন বিন্যাস কার্যকর হলো।