জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতি হলেন ড. খলিলুর রহমান
গত ২ জুন গোপন ব্যালটে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। নির্বাচনে তিনি ৯৯ ভোট পেয়ে জয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকুরিস পান ৯১ ভোট।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তিনি শপথ নেন।
আগামী এক বছর জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল বৈশ্বিক ফোরাম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি। এর মাধ্যমে প্রায় চার দশক পর এই পদে আবারও কোনো বাংলাদেশি দায়িত্ব পেলেন।
এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
গত ২ জুন গোপন ব্যালটে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকুরিস পেয়েছিলেন ৯১ ভোট।
জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রম অনুযায়ী এবারের সভাপতি পদটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল।
শপথ গ্রহণের আগে তিনি গণমাধ্যমকে ব্রিফ করেন এবং সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আগামী এক বছর জাতিসংঘের কার্যক্রম পরিচালনায় নিজের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করেন ড. খলিলুর রহমান।


