ধর্ষণ-নারী নির্যাতনসহ সব অপরাধ নির্মূল করবে বিএনপি: রিজভী
সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমূলে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে রিজভী বলেন, নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করাকে বর্তমান সরকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে নিয়েছে।
এ সময় সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন তিনি। কর্মসূচিটির সুফল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে মহিলা দলের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।
দলীয় নেতাকর্মীদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে রিজভী বলেন, ‘আজকে বিএনপি ক্ষমতায়, আমাদের প্রত্যেকেই সরকারের অংশ। শুধু পদ-পদবি থাকলেই সরকারের অংশ হতে হবে, তা নয়।’
নারীর নেতৃত্ব ও আন্দোলনে মহিলা দলের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান সরকার গঠনের পেছনে নারী নেতাকর্মীদেরও রক্ত-ঘাম রয়েছে। তাই মহিলা দলের নেতাকর্মীরাও সরকারের অংশ।
দেশে নারী নির্যাতনের পরিস্থিতি পরিবর্তনের দাবি করে রিজভী বলেন, ‘আজকে তো আর নুসরাতরা খুন হয় না, রুপারা খুন হয় না। আজকে খাদিজা, তনু, মিতুরা তো আর খুন হয় না; নির্যাতনের শিকার হয় না। কোনো সরকারি দলের নেতাকর্মীও এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত নয়। এখন সে ধরনের কোনো সংবাদ নেই।’
সমাবেশ থেকে সরকারের উন্নয়নমূলক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, সমাজে নারীর অবস্থান শক্তিশালী করা এবং সামাজিক সুরক্ষার বলয় তৈরি করতে সরকার যেসব যুগোপযোগী কর্মসূচি বাস্তবায়ন করছে, সেগুলোর সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরতে মহিলা দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকতে হবে।


