জামায়াতের আশকারায় আওয়ামী লীগ মাঠে নামার সাহস পাচ্ছে: রাশেদ খান
আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে জামায়াতে ইসলামীর নেতাদের তেমন আপত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর অভিযোগ, জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ ও সমঝোতার কারণেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করার সাহস দেখাচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর কোনোভাবেই মেনে নেবে না। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা করেই আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালনের সাহস পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগ রেখেই হয়তো আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নামার সাহস পাচ্ছেন। ১৯৯৬ সালেও আওয়ামী লীগ জামায়াতকে সঙ্গে নিয়ে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও জামায়াতের আশকারা পেয়েই আওয়ামী লীগ আন্দোলনের দুঃসাহস দেখাচ্ছে বলে দাবি করেন তিনি।
রাশেদ খান বলেন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান—প্রতিটি আন্দোলনেই বিএনপি নেতৃত্ব দিয়েছে। এসব আন্দোলনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন।
তিনি বলেন, বিএনপি ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে চায়। কিন্তু জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভক্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
এর আগে রাশেদ খান ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


