ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দুই মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম জানানো হয়।
দলীয় সূত্র অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী হচ্ছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে একই প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম।
মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। একই সঙ্গে তিনি দলটির ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। জামায়াতে যোগ দেওয়ার আগে তিনি দলটির ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
অন্যদিকে দক্ষিণ সিটির প্রার্থী আবু সাদিক কায়েম ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। পরে ২০২৫ সালের সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন তিনি।
সাদিক কায়েম ২০২৪ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি।
আগেই প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে এর আগে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপি কার্যালয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এনসিপির ঘোষণায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শাপলা কলি প্রতীকে মেয়র পদে লড়বেন নাসীরুদ্দীন পাটোয়ারী। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জামায়াত ও এনসিপির প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি ও নির্বাচনী তৎপরতা আরও দৃশ্যমান হয়ে উঠছে।


