হিজরি নববর্ষে নতুন গিলাফে আবৃত হবে কাবা, ইতিহাসে স্থায়ী এক পরিবর্তন

ধর্ম
হিজরি নববর্ষে নতুন গিলাফে আবৃত হবে কাবা, ইতিহাসে স্থায়ী এক পরিবর্তন
নিউজ ডেস্ক
২৪ জুন ২০২৫

হিজরি নববর্ষের প্রথম রাতেই পবিত্র কাবাঘর আবৃত হবে নতুন গিলাফে। বুধবার (২৫ জুন), ১ মহররম ১৪৪৭ হিজরি, এশার নামাজের পর শুরু হবে এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক পরিবর্তনের আনুষ্ঠানিকতা।

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে উপহার হিসেবে কিসওয়া বা কাবার গিলাফ হস্তান্তর ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বিশেষ সজ্জিত ট্রাকে করে গিলাফটি পবিত্র কাবা প্রাঙ্গণে পৌঁছে দেওয়া হবে, যেখানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হবে গিলাফ পরিবর্তনের প্রক্রিয়া।

ইসলামের সূচনালগ্ন থেকে দীর্ঘকাল ধরে জিলহজ মাসের ৯ তারিখ, আরাফাত দিবসে কাবার গিলাফ পরিবর্তন করা হতো। তবে ২০২২ সাল থেকে এই রীতিতে পরিবর্তন এনে সৌদি সরকার নববর্ষের প্রথম রাতকে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নেয়। এখন থেকে প্রতি বছর মহররম মাসের প্রথম রাতেই গিলাফ পরিবর্তনের রীতি অনুসরণ করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গিলাফ তৈরিতে ব্যবহৃত হয় প্রায় ৮৫০ কেজি রেশম, সোনা ও রুপা। এতে থাকে ২১ ক্যারেটের ১২০ কেজি স্বর্ণ এবং ১০০ কেজি রুপার সুতা, যা দিয়ে পবিত্র কোরআনের আয়াত ও আল্লাহর নাম হস্তলিখিত ভঙ্গিতে অলংকরণ করা হয়।

 গিলাফের আকার: ৬৫৮ বর্গমিটার
 কাপড়ের টুকরো: ৪৭টি
 সেলাই: বিশ্বের সবচেয়ে বড় ১৬ মিটার দৈর্ঘ্যের সেলাই মেশিনে
 ব্যয়: ২৫ মিলিয়ন সৌদি রিয়াল (প্রায় ৬.৬ মিলিয়ন ডলার)
 সময়কাল: ৬-৮ মাসে তৈরি

বিশেষজ্ঞদের মতে, এটাই বিশ্বের সবচেয়ে দামী কাপড়, যা ধর্মীয় আবেগ, ঐতিহ্য ও কারিগরি দক্ষতার সম্মিলিত প্রতিচ্ছবি। এর প্রতিটি ছাঁট, সেলাই এবং অলংকরণ বহন করে ইসলামী সংস্কৃতির ইতিহাস ও সৌন্দর্য।

‘মক্কা লাইভ’ চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে এই গিলাফ পরিবর্তনের পূর্ণাঙ্গ প্রক্রিয়া। বিশ্বের কোটি কোটি মুসলিম এই পবিত্র দৃশ্য অবলোকনের অপেক্ষায় রয়েছেন।